আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্ত শুরুর জেরে যুক্তরাষ্ট্র এবার পুরো আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) নিষেধাজ্ঞার আওতায় আনার প্রস্তুতি নিচ্ছে। সোমবার রাতে বার্তাসংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ওয়াশিংটন কয়েকজন বিচারক ও প্রসিকিউটরের ওপর ব্যক্তিগতভাবে নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে এবার প্রতিষ্ঠানটিকেই লক্ষ্যবস্তু বানানো হলে তা হবে নাটকীয় এবং নজিরবিহীন পদক্ষেপ।
কী ঘটতে পারে
কূটনৈতিক সূত্র জানিয়েছে, “এনটিটি স্যাংশন” বা পুরো প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত শিগগিরই ঘোষণা করা হতে পারে। এতে আদালতের দৈনন্দিন কার্যক্রম যেমন কর্মীদের বেতন প্রদান, ব্যাংকিং সেবা ব্যবহার বা সফটওয়্যার চালানো মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে। সম্ভাব্য প্রভাব এড়াতে আদালতের কর্মীদের বেতন আগাম দেওয়া হয়েছে। পাশাপাশি বিকল্প ব্যাংকিং সেবা ও সফটওয়্যার সরবরাহকারীর খোঁজ চলছে।
